ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশে আবারও বাড়তে শুরু করেছে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। ইতোমধ্যে দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৫৮টি জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোগটির বিস্তার ক্রমেই বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪১৩ জন।

ডেঙ্গুর বিস্তার রোধে সরকারও আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধান করে ১৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন ইতোমধ্যে মশকনিধন ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন এবং আশপাশের এলাকায় কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজনন ক্ষেত্র।

স্বাস্থ্য অধিদপ্তরও ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।