চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২২০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং অপরজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। এর ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

এদিকে অতীতের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, দেশে ডেঙ্গুর প্রকোপ এখনও বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ২০২৫ সালে মোট এক লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।