দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশী আটক


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশী আটক

দিনাজপুরের বনতারা–গিলাবাড়ি সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হলে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নেয়।

বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শংকরপুর ইউনিয়ন পরিষদের সদস্য পঙ্কজ কুমার রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের পরিচয় যাচাই করেন। বর্তমানে তারা ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন।

আটক চারজন একই পরিবারের সদস্য। তারা হলেন— আকুববর মোল্লা, তার স্ত্রী জাহানারা বেগম, ছেলে বোরহান মোল্লা এবং ভাই রমজান মোল্লা। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়।

দিনাজপুর ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় স্থানীয়দের হাতে আটক হন।

৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।