বিপুল ভোজ্যতেল কিনতে যাচ্ছে সরকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বিপুল ভোজ্যতেল কিনতে যাচ্ছে সরকার

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে চার কোটি লিটার ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা। বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকার দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনবে। এর মধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব তেল সংগ্রহ করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দুই লিটারের বোতলে এই তেল সরবরাহ করা হবে। পাম অলিন কিনতে মোট ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই তেল কেনা হবে। এতে প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা।

এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে এই সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভোজ্যতেল ছাড়াও মসুর ডাল, সার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ঠিক রাখতে নিয়মিতভাবে এসব পণ্য সংগ্রহ করছে সরকার।