মানবপাচার রোধে মাদারীপুরে পুলিশের মনিটরিং সেল চালু


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
মানবপাচার রোধে মাদারীপুরে পুলিশের মনিটরিং সেল চালু

মাদারীপুরে মানবপাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ‘মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেল’ চালু করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলায় সেলটির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন কাদের এবং জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

উদ্বোধন শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, মাদারীপুর মানবপাচারের ঝুঁকিপূর্ণ একটি জেলা। মানবপাচারের শিকার হয়ে অনেক মানুষ আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। এসব ভুক্তভোগীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে এই মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি জানান, নতুন এই সেল মানবপাচার সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি নিয়মিত তদারকি করবে। পাশাপাশি অভিযোগপত্র দাখিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ এবং মামলা-সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার আরও বলেন, মানবপাচারের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করাই এই সেলের মূল লক্ষ্য। এর মাধ্যমে মানবপাচার প্রতিরোধে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।