
চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলের চ্যাসিসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার টিএনটি অফিস সংলগ্ন মৃদুল বড়ুয়ার মোটরসাইকেল গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. আনোয়ার হোসেন (৩৯)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহসীন বাড়ির বাসিন্দা।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেন জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের চ্যাসিসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :