
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।
বিএসএফআইসি জিয়া পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) কৃষিবিদ হুমায়ুন কবীরের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. খবির উদ্দিন মোল্যা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) ইশতিয়াক আহম্মেদ রাজীব, মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মো. আব্দুর রউফ, মহাব্যবস্থাপক (কারখানা) মো. আব্দুর রাজ্জাক, মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, জিয়া পরিষদের সদস্য আলম হোসেন, আখ চাষী কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ চিনিকলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা।
চিনিকলের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. খবির উদ্দিন মোল্যা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ফলদ, বনজ ও ঔষধি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুদূষণ কমাতে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ভূমিক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও বৃক্ষের অবদান অপরিসীম।
তিনি আরও বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :