চুক্তি সইয়ের প্রলোভনে হাসপাতালে ডেকে নির্যাতনের অভিযোগ, অভিনেত্রী স্নিগ্ধার মামলা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
চুক্তি সইয়ের প্রলোভনে হাসপাতালে ডেকে নির্যাতনের অভিযোগ, অভিনেত্রী স্নিগ্ধার মামলা

রাজধানীর খিলক্ষেত থানায় বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। রোববার (২৬ জুলাই) রাতে অভিযুক্তদের বিরুদ্ধে তিনি এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে স্নিগ্ধা চৌধুরী উল্লেখ করেন, একটি বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে তিনি আরও জানান, ঘটনার পর ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নিতে পারেননি। তবে পরবর্তীতে ন্যায়বিচারের প্রত্যাশায় তিনি থানায় গিয়ে মামলা করার সিদ্ধান্ত নেন।

খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের প্রক্রিয়াও শুরু করা হবে।

উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন তিনি। এরপর বিভিন্ন কাজের মাধ্যমে পরিচিতি পান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।