স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে। তবে কোনো অবস্থাতেই তাদের পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রোববার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা বসে নেই। তাদের সহযোগীরা আশপাশেই রয়েছে। তাই জনগণের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, যারা ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখেছিল, জনগণ তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। দেশের মানুষ এখন নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সময়ে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের বক্তব্য, হুমকি এবং ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দীর্ঘ সময় গণতন্ত্রহীনতার পর জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ একটি জাতীয় নির্বাচনে নিশ্চিন্তে, নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। জনগণের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।

জাহিদ হোসেন বলেন, যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে বা দেশ সংকটের মুখে পড়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে বলেন, ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে সিপাহি-জনতা মেজর জিয়াউর রহমানের ওপর আস্থা রেখেছিল এবং দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। মন্ত্রী বলেন, জনগণের ভালোবাসা ছাড়া কোনো শক্তির ওপর নির্ভর করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। জনগণের সমর্থন হারালে বড় বড় শক্তিও টিকে থাকতে পারে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দের সঞ্চালনায় আয়োজিত সভায় সংগঠনের নেতাকর্মী ও জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।