কাদায় বন্দি শৈশব

আলীকদমের দপ্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবি


আলীকদম উপজেলা প্রতিনিধি, আবু সুফিয়ান প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
আলীকদমের দপ্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবি

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের দপ্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পুরো মাঠ কাদায় পরিণত হয়। অনেক সময় এটি ছোট জলাশয়ের মতো রূপ নেয়। ফলে টিফিন বিরতি ও অবসর সময়ে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারে না।

শিক্ষকদের মতে, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু মাঠের বর্তমান অবস্থার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি জাতীয় দিবস পালন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও সমস্যার সৃষ্টি হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইসেমং বলেন, “মাঠে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে একই সমস্যার সৃষ্টি হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।”

অভিভাবকরা জানান, একটি বিদ্যালয়ে শুধু পাঠদান নয়, খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ। কিন্তু মাঠের করুণ অবস্থার কারণে শিশুরা নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, মাঠটি ভরাট ও সমতল করার পাশাপাশি স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুললে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান সম্ভব। তারা শিক্ষা বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে বিদ্যালয়ের মাঠটি সংস্কার করে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করবেন।