ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে মারধর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে মারধর

ভারতের বেঙ্গালুরুতে এক দম্পতিকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হেনস্তা ও মারধরের অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত চিকিৎসক দাবি করেছিলেন, ওই দম্পতিকে এর আগে ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল। তবে তাদের জাতীয়তা ও অভিবাসন-সংক্রান্ত তথ্যের সত্যতা এখনো যাচাই করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) এ ঘটনা ঘটার পর বৃহস্পতিবার অভিযুক্ত চিকিৎসক ডা. নগেন্দ্রাপ্পাকে গ্রেফতার করা হয়। পরে সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার তিনি জামিনে মুক্তি পেয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, ডা. নগেন্দ্রাপ্পার বেঙ্গালুরুতে নিজস্ব একটি ক্লিনিক রয়েছে। বুধবার সকালে তিনি ২৩ বছর বয়সী নাসরিনা ও তার স্বামী মোহাম্মদ বিলালের পথরোধ করেন।

নাসরিনার অভিযোগ, ডা. নগেন্দ্রাপ্পা তাদের জাতীয়তা নিয়ে প্রথমে হিন্দি ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে মারধর করা হয়। পরে তার স্বামী বিলালের ওপরও হামলা চালানো হয়। বিলালের মাথা ও পিঠে বারবার আঘাত করা হয় এবং মাটিতে ফেলে লাথি মারা হয় বলে অভিযোগ করেন তিনি।

নাসরিনা আরও অভিযোগ করেন, বিষয়টি পুলিশকে জানালে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বেলান্দুর থানায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মারধর, নারীর শ্লীলতাহানি, বেআইনিভাবে পথরোধ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করা হয়েছে। তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে দম্পতির পরিচয়, নাগরিকত্ব এবং অভিবাসন-সংক্রান্ত তথ্য যাচাই করা হবে।

গ্রেফতারের কিছুক্ষণ আগে অভিযুক্ত চিকিৎসক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ওই ভিডিওতে তাকে ওই দম্পতিকে ‘বাংলাদেশি’ হিসেবে অভিযুক্ত করতে শোনা যায়। তিনি দাবি করেন, তারা এর আগে ভারত থেকে বিতাড়িত হওয়ার পর আবারও ফিরে এসেছেন।

তবে ভিডিওতে মোহাম্মদ বিলালকে কন্নড় ভাষায় বলতে শোনা যায় যে, তিনি গত ২০ বছর ধরে বেঙ্গালুরুতেই বসবাস করছেন। ভিডিওতে অভিযুক্ত চিকিৎসককে বিলালের গায়ে হাত তুলতেও দেখা যায়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনের প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট সব তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।