সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার নিজস্ব ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার উদ্যোগে এবং সাতক্ষীরা সদর উপজেলার সব তফসিলি ব্যাংকের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান।

সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (শাখা প্রধান) এ.এস.এম. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) এ.কে.এম. ফারুক ফয়সল এবং বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক (ব্যাংকিং) মো. মিজানুর রহমান।

কর্মশালায় জালনোট শনাক্তকরণের পদ্ধতি, জালনোটের প্রচলন রোধে করণীয় এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় জানানো হয়, খুলনা বিভাগের জালনোট-সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয় অবস্থানে রয়েছে। জেলায় বর্তমানে জালনোট-সংক্রান্ত মোট ৯০টি মামলা রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৩৩টি, আশাশুনিতে ১৩টি, কালিগঞ্জে ১২টি, শ্যামনগরে ৯টি, তালায় ৮টি, কলারোয়ায় ৭টি, দেবহাটায় ৫টি এবং পাটকেলঘাটায় ৩টি মামলা রয়েছে।

বক্তারা বলেন, জালনোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সতর্ক ও সচেতন হতে হবে। লেনদেনের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করে গ্রহণ এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেন তারা। কর্মশালায় ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।