
বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করবেন, তবে সরকারি বাসভবন হিসেবে সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেও তিনি স্পিকারের বাসভবনেই অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে বঙ্গভবন থেকে।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের বাসভবন এবং এর আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির সাংবিধানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তিনি রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রোববার (২৭ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের প্রথম বড় ধরনের রাষ্ট্রীয় কর্মসূচি।
আপনার মতামত লিখুন :