বাঁশখালীতে এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. জাকারিয়া, বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রাণ সহায়তা


বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
বাঁশখালীতে এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. জাকারিয়া, বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রাণ সহায়তা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৮৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া।

শনিবার সকাল থেকে দিনব্যাপী বাঁশখালী পৌরসভার আস্করিয়া পাড়ার তিন মসজিদ মাঠে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেন। এ সময় দোস্ত এইডের পক্ষ থেকে ৩৭ কেজি ওজনের ফুড প্যাক, আবুল খায়ের ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী, আল মানাহিলের পক্ষ থেকে ৪২ কেজি ওজনের খাদ্যসামগ্রী, ইপসার পক্ষ থেকে থ্রিপল এবং আহসানিয়া মিশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

পরিদর্শনকালে ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, শুধু বাঁশখালী নয়, পুরো চট্টগ্রামের বন্যা পরিস্থিতি সম্পর্কে সরকার অবগত রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় সরকার অঙ্গীকারবদ্ধ। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বিভিন্ন সংস্থার উদ্যোগে পরিচালিত অস্থায়ী হেলথ ক্যাম্প পরিদর্শন করেন এবং বন্যার্তদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সিনিয়র সহকারী সচিব শরীফ আহমদ, বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ওমরসানি আকন, চিকিৎসক ডা. আবীর শাকরান মাহমুদ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রবিউল হক, এনজিও ব্যুরোর প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ লোকমান, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ইব্রাহীম, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট লায়ন নাছির উদ্দীন, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত ওসমান, সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস ছবুর, ফরহাদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।