
সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো সঠিক তথ্য তুলে ধরা, কোনো পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক এ আলোচনায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব এবং সংবাদকর্মীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করার মতো স্বাধীন পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে, তা তার জানা নেই। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার পেশাগত মান বজায় রাখা একটি গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
সাংবাদিকতা ও সক্রিয়তাবাদের পার্থক্য তুলে ধরে জহির উদ্দীন স্বপন বলেন, সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারেন না। সাংবাদিকদের মূল কাজ হলো তথ্য সংগ্রহ করা, যাচাই করা এবং তা মানুষের সামনে তুলে ধরা।
তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব কোনো নির্দিষ্ট পক্ষের পক্ষে অবস্থান নেওয়া নয়; বরং নিরপেক্ষভাবে সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করা।
তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকতার পরিসর কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। সাংবাদিকতার কোনো সীমান্ত বা বর্ডার থাকতে পারে না। বিশ্বের যেকোনো প্রান্তের গুরুত্বপূর্ণ ঘটনা ও তথ্য মানুষের সামনে তুলে ধরাই গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।
আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা, সংবাদ প্রকাশের স্বাধীনতা এবং পেশাগত চ্যালেঞ্জ নিয়েও মতবিনিময় করা হয়।
আপনার মতামত লিখুন :