রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পরবর্তী রাষ্ট্রপতির নাম দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত করা হবে। তবে রাষ্ট্রপতি পদে দলের ভেতর থেকে কাউকে মনোনয়ন দেওয়া হবে, নাকি বাইরে থেকে কাউকে বেছে নেওয়া হবে—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সম্প্রতি রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি নিজের আগ্রহ বা সম্ভাবনার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এর আগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জি এম সিরাজ, মোশারফ হোসেন ও সুরাইয়া জেরিন রনি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. রফিকুল মোহামেদ, পরিচালনা পর্ষদের সদস্য এবং পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আবদুল মজিদ প্রামানিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।