শার্শায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
শার্শায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে ট্রাক্টর (ট্রলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে ও মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল রূপদিয়া থেকে রুদ্রপুরের দিকে যাচ্ছিল। পথে রূপদিয়া-গোগা সড়কের রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর (ট্রলি)-এর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও উষার মৃত্যু হয়। অপর এক আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক্টর ও চালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।