আশুলিয়ায় সিনেমা স্টাইলে পুলিশ- সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, জিম্মি উদ্ধার


আবদুল্লাহ আল মামুন: প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
আশুলিয়ায় সিনেমা স্টাইলে পুলিশ- সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, জিম্মি উদ্ধার

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় চাঁদা দাবি ও অপহরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিম্মি থাকা একটি ভবনের কেয়ারটেকার লিমাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকালে জামগড়ার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সন্ত্রাসী চৌধুরী প্লাজার পঞ্চম তলায় প্রবেশ করে। সেখানে তারা ভবনের কেয়ারটেকার লিমাকে জিম্মি করে মালিকপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা লিমাকে সঙ্গে নিয়ে ভবনের বিভিন্ন লকারে টাকা খোঁজার চেষ্টা চালায়।

দীর্ঘ সময় লিমার কোনো সন্ধান না পাওয়ায় ভবনের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা লিমাকে সামনে রেখে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বাপ্পি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা লিমাকে রেখে পালিয়ে যায়।

চৌধুরী এন্টারপ্রাইজের মালিক শরীফ চৌধুরীর স্ত্রী অভিযোগ করে বলেন, বাপ্পি দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সর্বশেষ তিনি ১ কোটি ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ম্যানেজার লিমাকে আটক করে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ, অভিযান ও ট্রাফিক-উত্তর) জাহাঙ্গীর আলম জানান, বাপ্পি একাধিক মামলার আসামি। শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে তিনি আরও তিন সহযোগীকে নিয়ে ওই ভবনে প্রবেশ করেন এবং কেয়ারটেকারকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করেন।

তিনি বলেন, পুলিশের উপস্থিতির কারণে তারা টাকা নিতে পারেনি। পুলিশের প্রধান লক্ষ্য ছিল জিম্মি ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা, যা সফল হয়েছে। তবে গোলাগুলির সুযোগে মূল অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকাশ্য দিবালোকে এ ঘটনার পর জামগড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।