আজীবন যেসব সুবিধা ভোগ করবেন সাহাবুদ্দিন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
আজীবন যেসব সুবিধা ভোগ করবেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরও আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আজীবন বেশ কিছু সুযোগ-সুবিধা পাবেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর প্রচলিত আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি অবসরভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্টের সুবিধা।

আইন অনুযায়ী, সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি নিজ বাসভবনে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমার মধ্যে এর বিল পরিশোধের সুবিধাও পাবেন।

এ ছাড়া একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসাসেবা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সফরের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগ পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতার সুবিধাও তিনি পাবেন। এসব সুবিধা সাবেক রাষ্ট্রপতিদের জন্য প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারিত।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান।