
১৩ দিন বন্ধ থাকার পর বান্দরবান-রাঙামাটি সড়কে আবারও স্বাভাবিক হয়েছে সব ধরনের যানবাহন চলাচল। বেইলি সেতুর ধসে পড়া অংশ পুনর্নির্মাণের পর শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
সেতুটির অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায়। তবে এটি বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন। সেতুটি পুনরায় চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।
তিনি জানান, গত ১২ জুলাই পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে সেতুর একাংশ ধসে যায়। এরপর থেকে বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ ছিল। সেতুর ক্ষতিগ্রস্ত অংশের নির্মাণকাজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতেই শেষ হয়।
তিনি আরও জানান, শুক্রবার (২৪ জুলাই) পরীক্ষামূলকভাবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছিল। শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, সেতুটি শিলক খালের ওপর নির্মিত। পাহাড়ি ঢলের পানির প্রবল স্রোত একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে। পরে খালের তীর ভেঙে সেতুর ওপর আঘাত করলে এর একটি অংশ ধসে পড়ে।
নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, সেতুটির সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তা পুনর্নির্মাণ করতে দিন-রাত কাজ করতে হয়েছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এদিকে বান্দরবান জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, বান্দরবান থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রীবাহী বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে রাঙামাটি থেকেও বান্দরবানের দিকে বাস চলাচল করবে। তিনি বলেন, অনেক যাত্রী এখনো সড়কটি চালুর বিষয়টি জানতে পারেননি। ফলে প্রথম দিনে নির্ধারিত সময় অনুযায়ী সব বাস চলাচল নাও করতে পারে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হবে যাত্রী ও যানবাহন চলাচল।
আপনার মতামত লিখুন :