
পিরোজপুরে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সভায় জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পরিচালিত চলমান কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
আলোচনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, নারী ও শিশু উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গুরুত্ব পায়।
এ সময় বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ সংশ্লিষ্ট সব সংস্থাকে সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :