নাজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন প্রচারে র‌্যালি ও বাংলা কিউআর বিতরণ


নাজিরপুর উপজেলা প্রতিনিধি, আবু সাঈদ শেখ প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
নাজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন প্রচারে র‌্যালি ও বাংলা কিউআর বিতরণ

‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা এবং বাংলা কিউআর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) পূবালী ব্যাংক পিএলসি, নাজিরপুর শাখার আয়োজনে উপজেলার শ্রীরামকাঠী বাজারের তামান্না মার্কেটের সামনে স্থাপিত অস্থায়ী স্টল থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

পূবালী ব্যাংক পিএলসি, নাজিরপুর শাখার ব্যবস্থাপক গাজী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের এডিসি (ডিভিশন) সুমন কৃষ্ণ হালদার। এছাড়া বক্তব্য দেন সিনিয়র অফিসার ও অপারেশন ম্যানেজার মো. আল ইমরান, অফিসার মো. আব্দুল মাজিদ, মো. আল মামুন, শতদল সমাদ্দর, ব্যবসায়ী সুশীল মণ্ডল, শাহিন আহমেদ এবং দেবদাস মণ্ডল।

বক্তারা বলেন, ডিজিটাল আর্থিক ব্যবস্থার বিকাশে ক্যাশলেস লেনদেন বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ডভিত্তিক পেমেন্ট এবং বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণেও ইতিবাচক প্রভাব পড়বে।

তারা আরও বলেন, ডিজিটাল লেনদেনের প্রতিটি তথ্য সংরক্ষিত থাকায় আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়। একই সঙ্গে গ্রাহক ও ব্যবসায়ীরা নিরাপদ ও সহজ উপায়ে অর্থ পরিশোধ ও গ্রহণ করতে পারেন, যা আধুনিক ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

কর্মসূচির অংশ হিসেবে আগ্রহী গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে নিবন্ধন, ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন এবং ব্যবসায়ীদের জন্য পিওএস ও বাংলা কিউআর সেবা গ্রহণের ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানের শেষে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর বিতরণ করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।