শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং আন্দোলনে তাদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

তিনি জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের দেড় শতাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, নৈশভোজে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র সুসংহতকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও অনানুষ্ঠানিক মতবিনিময় হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একত্র হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্টদের মতে, এ আয়োজন শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং সরকার গঠনের পর শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় জোরদারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।