
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও সংগঠক অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসেন লাভলু।
সমাজসেবা অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মাদ ওমর ফারুক স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে কমিটিটির অনুমোদন প্রদান করা হয়। নবগঠিত কার্যনির্বাহী কমিটি ৯ জুন ২০২৬ থেকে ৮ জুন ২০২৯ পর্যন্ত তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।
অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসেন লাভলু বর্তমানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচিত ক্রীড়া সম্পাদক (২০২৬–২০২৭) এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা, যুব উন্নয়ন এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
তিনি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত দেশের প্রথম অনলাইন নিবন্ধিত সামাজিক ও যুব সংগঠন ‘দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি-৪ বাংলাদেশের রিজিয়ন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ও আইনবিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখতে তিনি দৈনিক সাঙ্গু, দৈনিক বায়ান্ন এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার আইন সম্পাদক (নির্বাহী সম্পাদক পদমর্যাদা) হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু বলেন, “সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের এবং একই সঙ্গে বড় দায়িত্বের বিষয়। সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ, যুবসমাজের ইতিবাচক বিকাশ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করছি।”
এদিকে, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলুকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনকল্যাণমূলক উদ্যোগ নতুন মাত্রা লাভ করবে।
উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠনের সমন্বয়ে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় সাধনে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আপনার মতামত লিখুন :