
লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা, স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া-প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
স্মৃতিস্তম্ভে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ সময় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জুলাই শহীদ দিবসের এসব কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :