দিঘলিয়ায় আতাই নদীর ভাঙনে হুমকিতে সড়ক, মাছের ঘের ও বসতবাড়ি


দিঘলিয়া প্রতিনিধি, খোকন মল্লিক। প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
দিঘলিয়ায় আতাই নদীর ভাঙনে হুমকিতে সড়ক, মাছের ঘের ও বসতবাড়ি

খুলনার দিঘলিয়া উপজেলার মমিনপুর এলাকায় আতাই নদীর ভয়াবহ ভাঙনে স্থানীয় প্রধান সড়ক, শত শত মাছের ঘের ও অসংখ্য বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। নদীর তীব্র ভাঙনে এরই মধ্যে গুরুত্বপূর্ণ সড়কের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, একসময় এই সড়ক দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করত। বর্তমানে নদীর আগ্রাসনে পিচঢালা সড়কটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় আশপাশের শত শত একর কৃষিজমি, মৎস্য ঘের ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে আতাই নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই নদীর পাড়ের নতুন নতুন অংশ ধসে পড়ছে। বর্ষা মৌসুমে নদীর স্রোত বেড়ে যাওয়ায় ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে নদী তীরবর্তী বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ সড়কটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে ওই এলাকার মানুষের চলাচল ও পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে মাছের ঘের ও বসতবাড়ি হারিয়ে বহু পরিবার ক্ষতির মুখে পড়বে।

ভুক্তভোগীরা জানান, নদী ভাঙনের বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত নদী তীর সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, জরুরি ভিত্তিতে নদীর পাড়ে ব্লক স্থাপন, টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো কঠিন হয়ে পড়বে।

এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, এলাকার মানুষের জীবন-জীবিকা ও সম্পদও বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে।