ব্যান ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী মোঃ অনিন্দ্য ইসলাম অমিত


খাগড়াছড়ি জেলা প্রতিনিধি, জাহাঙ্গীর আলম সুজন প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
ব্যান ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী মোঃ অনিন্দ্য ইসলাম অমিত

খাগড়াছড়ি জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় প্রতিমন্ত্রী মো. অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদ্দাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সাহাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমও গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।