
শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা-১৪৩৩ বঙ্গাব্দ/২০২৬ উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত সভায় উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। এছাড়াও জেলা প্রশাসন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া।
সভায় রথযাত্রা ও রথমেলাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, অগ্নিনিরাপত্তা, জরুরি সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উৎসব চলাকালে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভা শেষে উপস্থিত অতিথিরা রথমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তারা মেলার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচলের সুবিধা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গৃহীত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রথযাত্রা ও রথমেলা উপলক্ষে আগত সকল ভক্ত ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এবারের রথযাত্রা ও রথমেলা সুষ্ঠু, নিরাপদ এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :