ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আত্রাইয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আত্রাইয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাই উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে বর্ণাঢ্য এ রথযাত্রা শুরু হয়। এতে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ও ভক্তবৃন্দ অংশ নেন।

রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ভক্তরা পূজা-অর্চনা, কীর্তন, দেবতার নামসংকীর্তন এবং প্রার্থনায় অংশ নেন। পরে সুসজ্জিত রথে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ স্থাপন করে ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু করা হয়।

রথটি জগন্নাথ মন্দির থেকে বের হয়ে ভবানীপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শত শত ভক্ত রশি ধরে রথ টেনে নিজেদের এ পুণ্যযাত্রার সঙ্গে সম্পৃক্ত করেন। ঢাক-ঢোল, খোল-করতাল এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুরো এলাকায় এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে রথটি উপজেলার মির্জাপুর এলাকার স্বর্গীয় নগেন্দ্রনাথ ঘোষের বাড়িতে অবস্থান নেয়।

রথযাত্রা শুরুর আগে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শ্রী সুবোধ কুমার ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সূর্য কর্মকার, অনুপ কুমার দত্ত বাদল, অভিজিৎ চৌধুরী, সুব্রত ঘোষ, খোকন ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী।

আয়োজকরা জানান, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এদিন জগন্নাথ দেবকে পুনরায় রথে করে মন্দিরে ফিরিয়ে আনা হবে। প্রতি বছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আনন্দের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় আত্রাইয়ের ভবানীপুর এলাকা।