প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান

সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো আজ (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্টার্টআপ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেবেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া এবং স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান। অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।

উদ্বোধনী পর্বে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এরপর ‘গল্প নয়, সত্যি’ শীর্ষক পর্বে সফল স্টার্টআপ উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সঙ্গে স্টার্টআপ, উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেবেন। এ সময় নির্বাচিত স্টার্টআপ উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেকও বিতরণ করা হবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে ‘ন্যাশনাল স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম’। জাতীয় পর্যায়ের এই সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরশিপ, বিনিয়োগের সুযোগ এবং বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সেবা এক জায়গা থেকেই গ্রহণ করতে পারবেন।

আইসিটি বিভাগ জানায়, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহ দেওয়া এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উদ্যোক্তাদের প্রাথমিক ধারণা থেকে শুরু করে প্রশিক্ষণ, অর্থায়ন, বিনিয়োগ সংযোগ এবং ব্যবসা সম্প্রসারণ পর্যন্ত পূর্ণাঙ্গ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ১২ মে উচ্চশিক্ষা বিষয়ক একটি কর্মশালায় অংশ নিতে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছিলেন তারেক রহমান।