
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক অলিম্পিয়াডে সোনার পদক জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের প্রশিক্ষক, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য গৌরব বয়ে আনার পর রোববার (১২ জুলাই) বিজয়ী বাংলাদেশ দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী এআই খাতে বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনের জন্য দলের সদস্য, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. মোহাম্মদ আজম খানের দক্ষ দিকনির্দেশনা, পরিকল্পিত প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর নেতৃত্বে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করেছে।
এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম সোনার পদক দেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অর্জন তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা এবং উদ্ভাবনী প্রযুক্তিতে আরও বেশি আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।
এই অসাধারণ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিজয়ী বাংলাদেশ দল এবং প্রশিক্ষক ড. মোহাম্মদ আজম খানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :