
নরসিংদীর মাধবদী উপজেলার পাইকারদী গ্রামে মাত্র দুই মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে শিশুটির ওপর নির্যাতন চালানো হয়েছে এবং এতে তার একটি পা ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে শিশুটির মা সায়েবা ঘরের কাজ বা বাথরুমে যাওয়ার সময় শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে যেতেন। এ সময় কিছুক্ষণ পরপর শিশুটি হঠাৎ তীব্র কান্না শুরু করত। প্রথম দিকে বিষয়টি বুঝতে না পারলেও পরে শিশুর মায়ের সন্দেহ হয়।
পরিবারের দাবি, ঘটনার প্রকৃত কারণ জানতে সায়েবা কৌশলে ঘরের ভেতরে একটি গোপন ক্যামেরা স্থাপন করেন। এরপর তিনি বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। পরে ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, ঘুমন্ত শিশুটির ওপর তার চাচি নির্যাতন করছেন।
স্বজনদের অভিযোগ, ওই নির্যাতনের কারণেই শিশুটির একটি পা ভেঙে যায়। পরে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণসহ মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে এবং প্রকৃত ঘটনা উদঘাটনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :