সাতকানিয়ায় ত্রাণ আত্মসাৎ ও অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি’র সংবাদ সম্মেলন


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
সাতকানিয়ায় ত্রাণ আত্মসাৎ ও অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি’র সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে সরকারি ত্রাণ সহায়তার চাল আত্মসাৎ এবং সাতকানিয়া থানা কৃষক দলের সহ-সভাপতি জাকারিয়া মেম্বারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা দাবি করেন, একটি চিহ্নিত মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১১ জুলাই সরকারি গুদাম থেকে সোনাকানিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দিনের নির্দেশে ত্রাণ হিসেবে বিতরণের জন্য এক টন চাল উত্তোলন করা হয়। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া ওই চাল গ্রহণ করেন এবং নিজস্ব অর্থায়নে তা গারাঙ্গিয়ার হাতিয়ারপুল এলাকায় নিয়ে আসেন। পরে চালগুলো প্যাকেটজাত করে বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

নেতারা জানান, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন স্কুলের কাজে ব্যস্ত থাকায় তার ওয়ার্ডের বরাদ্দের চাল স্থানীয় মনু খলিফার দোকানে নিরাপদে রাখার অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১২ জুলাই ইউপি সদস্য মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল মনু খলিফার দোকানের তালা ভেঙে চাল নিয়ে যায়। পরে মহিউদ্দিন মেম্বার ও জাহেদুল ইসলাম নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে দাবি করেন, তারা ‘বিএনপি কর্মীর কাছ থেকে’ চাল উদ্ধার করেছেন।

বক্তারা অভিযোগ করেন, এ ঘটনার পর দোকানদার মনু খলিফাকে ভয়ভীতি দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মিথ্যা অভিযোগ দিতে বাধ্য করা হয়েছে। তাকে মানসিকভাবে হয়রানি করা হয়েছে বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ এসব কর্মকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তারা বলেন, সরকারি ত্রাণ সহায়তা নিয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন। একই সঙ্গে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

নেতারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার বন্ধ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলনে সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।