
বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মাহদী আমিন বলেন, দেশের চলমান বন্যা পরিস্থিতি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটরিং করছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
তিনি বলেন, “সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্গত এলাকার মানুষের নিরাপত্তা, ত্রাণ সহায়তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, বন্যাকবলিত এলাকার প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের যাতায়াত ও পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :