​দিনাজপুরের দাইনুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারীসহ আটক ৪


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
​দিনাজপুরের দাইনুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারীসহ আটক ৪

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারী ও এক প্রতিবন্ধী ব্যক্তিসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন। শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—খুলনা সদর উপজেলার কারিকারপাড়া গ্রামের মৃত মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫), যিনি শারীরিক প্রতিবন্ধী বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে ৮ থেকে ৯ জনের একটি দল দাইনুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় দলের কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে আটক করা হয়। পরে তাদের তেলিয়াপাড়া সীমান্তের ৩১৫ নম্বর প্রধান সীমান্ত পিলারের (মেইন পিলার) কাছে নিয়ে যাওয়া হয়।

বিজিবির দাইনুর ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’ নয়; বরং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টার ঘটনা। আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিয়েছেন।

বিজিবি জানিয়েছে, বর্তমানে আটক চারজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতি সমাধান এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিষয়টি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।