
সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় জিহাদ মজুমদার (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে জেদ্দার একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জিহাদ মজুমদার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার মৃত ইসহাক মজুমদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় জীবিকার সন্ধানে সৌদি আরবে যান জিহাদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার কর্মস্থল সংক্রান্ত কাজে যাওয়ার সময় জেদ্দা শহরের একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে জিহাদ দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছিলেন। তার আয়ের ওপর পরিবারের অনেকটাই নির্ভরশীল ছিল। প্রবাসে হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। একই সঙ্গে এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।
দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দারা জানান, জিহাদ ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল একজন যুবক। তার অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশ দূতাবাস, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। যাতে পরিবারের সদস্যরা শেষবারের মতো তাকে দেখতে পারেন এবং নিজ গ্রামের মাটিতে তার দাফন সম্পন্ন করা যায়।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, প্রবাসে কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যু হলে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনের একটি সমন্বয় টিম কাজ করে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। জিহাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :