
উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে আমানত সংগ্রহের পর অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ তুলে নওগাঁয় সমতা ও নেসডো সমবায় সমিতির গ্রাহকরা মানববন্ধন করেছেন। ক্ষতিগ্রস্ত আমানতকারীরা তাদের জমা করা অর্থ ও প্রতিশ্রুত মুনাফা ফেরতের দাবিতে এ কর্মসূচি পালন করেন।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের খলিশাকুড়ি এলাকায় অবস্থিত সমতা ও নেসডোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, বেশি মুনাফার আশ্বাস দিয়ে সমতা ও নেসডো তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত হিসেবে গ্রহণ করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে আমানতের মূল টাকা কিংবা প্রতিশ্রুত মুনাফা কোনোটিই ফেরত দেওয়া হচ্ছে না। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে।
ভুক্তভোগীরা বলেন, তারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় প্রতিষ্ঠানটিতে জমা রেখেছিলেন। সেই অর্থ আটকে যাওয়ায় অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত আমানতের টাকা সুদসহ ফেরত দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অর্থ ফেরতের অপেক্ষায় রয়েছেন গ্রাহকরা। দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ সময় নারী-পুরুষসহ বিপুলসংখ্যক ক্ষতিগ্রস্ত আমানতকারী মানববন্ধনে অংশ নেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান ও আমানতের অর্থ ফেরতের ব্যবস্থা করার দাবি জানান।
আপনার মতামত লিখুন :