
কয়েক দফা পিছিয়ে অবশেষে রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে একই দিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর রোববার ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, যেকোনো মোবাইল অপারেটর—টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল কিংবা বাংলালিংক থেকে সহজেই এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এরপর ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল পাওয়া যাবে।
এ ছাড়া ইন্টারনেট ব্যবহারকারীরা ঘরে বসেই কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য সঠিকভাবে দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে মার্কশিটসহ ফলাফল দেখা যাবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সব মাধ্যমেই ফলাফল উন্মুক্ত করা হবে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত এবং সহজে নিজেদের ফল জানতে পারেন।
আপনার মতামত লিখুন :