
সিনেমার পাশাপাশি ক্রিকেট দুনিয়াতেও নিজের অবস্থান আরও শক্ত করলেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রে নিজের দলের জন্য নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম চালু করেছেন তিনি, যা বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নতুন এই স্টেডিয়ামের নাম নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত। স্টেডিয়ামটি মূলত শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে।
গত ১ জুলাই এক ভিডিও বার্তায় স্টেডিয়াম উদ্বোধনের ঘোষণা দেন শাহরুখ খান। সেখানে তিনি বলেন, “এর শুরুটা হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু খেলার মাঠ নয়, পরিবার ও বিনোদনেরও একটি জায়গা।”
শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ শুধু আইপিএলের কলকাতা নাইট রাইডার্স দলই নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, নারীদের সিপিএল, আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও দল পরিচালনা করছে।
জানা গেছে, নতুন এই স্টেডিয়ামের পরিচালনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিক ফেয়ারপ্লেক্স। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে স্টেডিয়ামটি পরিচালনা করবে নাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখ খানের পাশাপাশি অংশীদার হিসেবে আছেন অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে এমন আধুনিক ক্রিকেট অবকাঠামো তৈরি হওয়া সেখানে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। নতুন এই স্টেডিয়ামকে কেন্দ্র করে নাইট রাইডার্স ব্র্যান্ডের আন্তর্জাতিক সম্প্রসারণ আরও জোরদার হবে বলেও মনে করা হচ্ছে।
এদিকে সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তার নতুন চলচ্চিত্র ‘কিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৪ ডিসেম্বর।
আপনার মতামত লিখুন :