
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
গত বুধবার (১ জুলাই) সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার নজর আলী সুপার মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আশুলিয়ার নয়ারহাট এলাকার আফাজ উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হবি (৩৫) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফতেপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো. খায়রুল ইসলাম (৩৮)।
র্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া নগদ ৫ হাজার ৫০০ টাকা, একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তারা চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কম দামে হেরোইন সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করত।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আপনার মতামত লিখুন :