সব জল্পনার অবসান ঘটিয়ে তবে কী বিয়ে করছেন টেইলর ও ট্র্যাভিস?  


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
সব জল্পনার অবসান ঘটিয়ে তবে কী বিয়ে করছেন টেইলর ও ট্র্যাভিস?  

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্কে বড় আয়োজনের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত ও গণমাধ্যমের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। তবে এখন পর্যন্ত এই তারকা জুটি বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিউইয়র্কের বিখ্যাত ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে কয়েক দিনের জন্য সড়ক বন্ধের অনুমতি নেওয়া হয়েছে। একই সময়ে সেখানে একটি বড় আকারের ব্যক্তিগত অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এরপর থেকেই ধারণা করা হচ্ছে, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের আয়োজন সেখানে হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনুষ্ঠানস্থলে মঞ্চ, আলোকসজ্জা, সাজসজ্জার সরঞ্জাম এবং ক্যাটারিং ব্যবস্থার প্রস্তুতি চলছে। অতিথিদের থাকার জন্য একাধিক হোটেলও বুক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুরুতে একটি ছোট নৈশভোজ এবং পরে বৃহৎ পরিসরে উদ্‌যাপনের পরিকল্পনা থাকতে পারে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ওই সময়ে একটি বড় ব্যক্তিগত অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটি টেইলর সুইফটের বিয়ে কি না, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।

এদিকে নিউইয়র্কের মেয়র সাম্প্রতিক এক মন্তব্যে টেইলর সুইফটের সম্ভাব্য বিয়ের প্রসঙ্গ উল্লেখ করায় বিষয়টি আরও আলোচনায় আসে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে অনেকের মতে, এটি হয়তো ভক্তদের দৃষ্টি আকর্ষণের অংশও হতে পারে। কারণ টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি কিংবা তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে বিয়ের তারিখ, স্থান বা আয়োজন নিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। এর আগে তাদের সম্ভাব্য বিয়ের স্থান হিসেবে রোড আইল্যান্ড, কানসাস সিটি ও পেনসিলভানিয়াসহ বিভিন্ন জায়গার নাম শোনা গেলেও সেগুলোর কোনোটি এখনো নিশ্চিত হয়নি।