সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


সাদুল্লাপুর প্রতিনিধি, মোজাহিদুল ইসলাম প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ০২ নম্বর নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১০টায় নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, গত ২৬ জুন (শুক্রবার) জুমার নামাজ শেষে জামায়াতে ইসলামী যুব জামাতের ব্যানারে একটি মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের জড়িয়ে মাদক সংক্রান্ত বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেন।

তারা অভিযোগ করেন, চেয়ারম্যানের অগোচরে বা প্রশ্রয়ে এলাকায় মাদক ব্যবসা চলছে এবং জনপ্রতিনিধিরা মাসোহারা গ্রহণ করছেন—যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ ধরনের অপপ্রচার জনপ্রতিনিধিদের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত করছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারুল মোল্লা, আব্দুল শেখ, মমিনুল ইসলাম, শুক্কুর আলীসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।