বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ

যুক্তরাষ্ট্রের অকৃষি কর্মসংস্থানের (নন-ফার্ম পেরোলস) গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের আগে ফেডারেল রিজার্ভের (ফেড) প্রধানের তুলনামূলক স্বস্তিদায়ক বক্তব্য এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৮ দশমিক ২৫ ডলারে পৌঁছায়। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।

বার্তা সংস্থা রয়টার্সকে ট্রাডু ডটকমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবোরাস বলেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) ফোরামে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ারশের তুলনামূলক নমনীয় অবস্থানের বক্তব্য সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বুধবার (১ জুলাই) ইসিবির ফোরামে কেভিন ওয়ারশ বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মূল্যস্ফীতির ঝুঁকি কিছুটা কমেছে। তবে মূল্যস্ফীতিকে ফেডের ২ শতাংশ লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক এখনও সতর্ক অবস্থানে থাকবে এবং আর্থিক নীতি খুব বেশি শিথিল করার সুযোগ নেই বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনায় অগ্রগতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম কমেছে। তেলের দরপতনের ফলে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে—এমন প্রত্যাশায় মূল্যবান ধাতুর বাজারে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

শুধু সোনাই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬০ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৬১৭ দশমিক ১০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৩৪ দশমিক ৮৬ ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বগতির মধ্যেই দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারিত রয়েছে।