অরুণিমা’ জমির উদ্দিন মিলন 


স্টাফ রিপোর্টার,আল-আমিন প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
অরুণিমা’ জমির উদ্দিন মিলন 
কত শব্দ খরচ করে তোমাকে বুঝাতে চাইলাম,
বর্ণমালার সব অক্ষর সাজিয়ে
ভালোবাসার মানচিত্র এঁকেছিলাম তোমার জন্য।
তবু তুমি পড়লে না
না পড়েই ফিরিয়ে দিলে।
তোমাকে ভালোবাসি
এই তিনটি শব্দ বুকের ভেতর
কতদিন পাথর হয়ে চেপে ছিল,
আজ বলে ফেললাম।
তুমি শুনলে,
তারপর নিঃশব্দে সরিয়ে রাখলে
যেভাবে অপ্রয়োজনীয় চিঠি
ড্রয়ারের অন্ধকারে চলে যায়।
তুমি অবধারিত সন্ধ্যার মুখোমুখি না হয়ে
নাকচ করলে আমার বিশুদ্ধ ভালোবাসা
যেন সন্ধ্যা আসে না কোনোদিন,
যেন রাত নামে না তোমার জীবনে,
যেন একাকীত্ব তোমাকে চেনে না।
মনে রেখো, অরুণিমা
জীবন জোয়ারের ছয় ঘণ্টা তেরো মিনিট পর
যখন ভাটা আসবে নিঃশব্দে,
যখন চারপাশ হবে শূন্য,
তখন তুমি আমাকে খুঁজবে।
খুঁজবে সেই মানুষটিকে
যে তোমার নামে শব্দ খরচ করেছিল,
যে তোমার জন্য রাত জেগেছিল,
যে তোমাকে ভালোবেসেছিল
কোনো শর্ত ছাড়া।
কিন্তু ততক্ষণে
আমি থাকব তোমার নাগালের বাইরে
এতটাই দূরে
যেখানে তোমার ডাক পৌঁছায় না,
যেখানে তোমার অনুশোচনা
শুধু বাতাসে মিলিয়ে যায়।
অরুণিমা,
ভালোবাসা ফেরানো যায়,
মানুষ ফেরানো যায় না।