
দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসা পাওয়ার সুযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানীকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক এলাকার মানুষ গুরুতর অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, “দেশের ৮০-৯০ ভাগ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রাজধানী কেন্দ্রীক। তাহলে প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে?” তিনি মনে করেন, যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সিসিইউ’র পরিসর বাড়ানো সম্ভব।
তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে দেশের হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থাপনা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। বিশেষ করে সিসিইউ সুবিধা না থাকায় অনেক প্রান্তিক এলাকার রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন।
ডা. জুবাইদা রহমান বলেন, জেলা সদর হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সিসিইউ চালু করা গেলে গুরুতর অবস্থায় থাকা রোগীদের মৃত্যুহার কমানো সম্ভব হবে। এ ক্ষেত্রে দেশের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, চিকিৎসকদের নিরাপত্তার জন্য চলতি মাস থেকে হাসপাতালগুলোতে আনসার সদস্য নিয়োগের কার্যক্রম শুরু হবে।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ৫৬ বছরের ইতিহাসে স্বাস্থ্য খাত দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
জাতীয় কনফারেন্সে দেশের ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :