
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে তিনটি হোটেলের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার ইমরান হোসেন এবং পাটকেলঘাটা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়। এর মধ্যে মক্কা বিরিয়ানি হাউস-কে ১ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড সুইটস-কে ৩ হাজার টাকা এবং মেসার্স আব্বাস হোটেল-কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাজারের কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার তৈরি ও বিক্রি করে আসছে, ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। তারা এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনার দাবি জানান।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের বেশ কয়েকটি দোকান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বার্থে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :