
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের মোট ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেওয়া হয়। প্রত্যেক কৃষককে ১৫ কেজি চাল এবং ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
সরকারের ঘোষিত কর্মসূচির আওতায় বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে ধারাবাহিকভাবে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে স্বচ্ছতার ভিত্তিতে সহায়তা প্রদান করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় দোয়ারাবাজার উপজেলায় মোট ১ হাজার ৪০ জন কৃষক পর্যায়ক্রমে এই সহায়তা পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. লুৎফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
আপনার মতামত লিখুন :