ক্রীড়া কার্ড ৫০০ তে উন্নীত করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
ক্রীড়া কার্ড ৫০০ তে উন্নীত করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০-এ উন্নীত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া কার্ডের মাধ্যমে বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদ ভাতা পাচ্ছেন। পর্যায়ক্রমে এই সংখ্যা আরও ২০০ জন বাড়িয়ে মোট ৫০০ জনে উন্নীত করা হবে, যাতে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখা ব্যক্তিরা আরও সহায়তা পান।

তিনি আরও বলেন, দেশের ফুটবলকে এগিয়ে নিতে নতুনভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। দীর্ঘমেয়াদে পরিকল্পনার মাধ্যমে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশকে আন্তর্জাতিক ফুটবলে আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় বিভিন্ন খেলায় কৃতিত্ব অর্জন করায় ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে প্রতিমন্ত্রী আনসার একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।