
দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের শিক্ষক সংকট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, অনুমোদিত পদের বিপরীতে হাজার হাজার পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়ছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার ৮৪৪টি অনুমোদিত শিক্ষক পদের মধ্যে বর্তমানে ৭ হাজার ৭৪ জন শিক্ষক কর্মরত আছেন। এর বিপরীতে ৮ হাজার ৪৮৬টি পদ এখনো শূন্য রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, এসব প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর (৯ম গ্রেড) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (১০ম গ্রেড) পদে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। ইতোমধ্যে ২ হাজার ২০৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ চেয়ে পিএসসিতে রিকুইজিশন পাঠানো হয়েছে। ৪৫তম বিসিএসের মাধ্যমে ৯৭ জন ক্যাডার ও ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ পাওয়া গেছে, যা পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, পদোন্নতির মাধ্যমেও শূন্য পদ পূরণের উদ্যোগ রয়েছে। তবে পদোন্নতিযোগ্য ৪ হাজার ১৩১টি পদে কর্মরত জনবল না থাকায় সেখানে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।
আপনার মতামত লিখুন :