
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কলেজের তিন বিভাগের ৯ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোতাহার হোসেনের সঞ্চালনায় এবং কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন এবং হাজী মজিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন চৌধুরী আহমেদ বুশরা ও নাফিজ আহমেদ। তারা শিক্ষাজীবনের স্মৃতি, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আবেগঘন বক্তব্য উপস্থাপন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। পাশাপাশি ভালো ফলাফলের পাশাপাশি একজন দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী শিক্ষার্থীদের মনোযোগসহকারে পরীক্ষার প্রস্তুতি, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে তিন বিভাগের ৯ জন মেধাবী শিক্ষার্থীকে প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষপর্বে কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা জাকির হোসাইন দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন। আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :